চট্টগ্রামের সাতকানিয়ায় একটি হিমাগারে বিপুল পরিমাণ খেজুর মজুত রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাগরিয়া এলাকার ‘বার আউলিয়া হিমাগার প্রাইভেট লিমিটেড’-এ অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হিমাগারটিতে অভিযান চালানো হলে প্রায় এক হাজার টন খেজুরের মজুত পাওয়া যায়। কৃত্রিম সংকট সৃষ্টির আশঙ্কায় তাৎক্ষণিকভাবে হিমাগারটির ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘অভিযানকালে আমরা বিপুল পরিমাণ খেজুর মজুত অবস্থায় পেয়েছি। জনস্বার্থে এই জরিমানা করার পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে সব খেজুর বাজারজাত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া খেজুরের প্রকৃত মালিকদের তালিকা ও মজুতের সঠিক হিসাব দ্রুত জমা দিতে বলা হয়েছে।’
দণ্ডপ্রাপ্ত ম্যানেজার মো. রমজান আলী দাবি করেন, বিভিন্ন ব্যবসায়ী মাসখানেক আগে থেকেই এখানে খেজুর মজুত করা শুরু করেন।
তিনি জানান, হিমাগারে মোট ২৪ হাজার বস্তা খেজুর আনা হয়েছিল, যার মধ্যে ১৮ হাজার বস্তা ইতিমধ্যে ব্যবসায়ীরা নিয়ে গেছেন। বর্তমানে ৬ হাজার বস্তার মতো খেজুর অবশিষ্ট আছে, যা দ্রুতই বাজারে চলে যাবে।
বাজারদর স্থিতিশীল রাখতে এবং কৃত্রিম সংকট রোধে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

