spot_img

টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান, কলম্বোতেও হাত মেলালেন না দুই অধিনায়ক

অবশ্যই পরুন

কলম্বোর প্রেমাদাসায় সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে মাঠের লড়াই শুরুর আগে আলোচনায় উঠে আসে সেই পুরোনো ‘হ্যান্ডশেক ইস্যু’।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। কিন্তু টস শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাননি তিনি। এশিয়া কাপের পর বিশ্বকাপেও সৌজন্য দেখালেন না দুই চিরবৈরী দেশের অধিনায়করা।

গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। তিন ম্যাচেই টস বা ম্যাচ শেষে ক্রিকেটারদের করমর্দন না করার বিরল দৃশ্য দেখেছিল ক্রিকেট বিশ্ব। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

গতকাল সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে দুই অধিনায়কই কৌশলী উত্তর দিয়েছিলেন। কিন্তু আজ মাঠে প্রমাণ মিলল, বরফ গলেনি।

কিছুদিন আগে লাহোরে বিসিবি, পিসিবি ও আইসিসির ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দাবি জানিয়েছিল, বিশ্বকাপের এই ম্যাচে যেন দুই দলের ক্রিকেটাররা করমর্দন করেন। কিন্তু আইসিসির কাছে করা সেই দাবি বা সৌজন্যবোধ কোনোটিই টিকল না।

এই ম্যাচ নিয়ে কদিন আগেও ছিল ঘোর অনিশ্চয়তা। বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেওয়ায় তাদের সমর্থনে ভারত ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান সরকার। তবে লাহোরের ত্রিপক্ষীয় বৈঠক শেষে সেই সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ নেয় পাকিস্তান এবং শেষ পর্যন্ত মাঠে নামার সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যানের পাতায় অবশ্য যোজন যোজন এগিয়ে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬ বারের লড়াইয়ে ভারত জিতেছে ১৩টি, যেখানে পাকিস্তানের জয় মাত্র ৩টি। বিশ্বকাপে ভারতের আধিপত্য আরও একচেটিয়া (৭-১)।

এদিকে বৃষ্টির শঙ্কাও রয়েছে। ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলই ১টি করে পয়েন্ট পাবে। বর্তমানে ‘এ’ গ্রুপে উভয়ের ঝুলিতে ৪ পয়েন্ট। ফলে পয়েন্ট ভাগাভাগি হলে ৫ পয়েন্ট নিয়ে ভারত ও পাকিস্তান উভয়েই সুপার এইট নিশ্চিত করবে।

আজ দুই পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নামছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জেতা ম্যাচের একাদশ নিয়েই খেলতে নামছে পাকিস্তান। আলোচিত স্পিনার উসমান তারিক তাই টানা দ্বিতীয় ম্যাচ খেলছেন পাকিস্তানের জার্সিতে।

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে একাদশে আছেন অভিশেক শার্মা। নামিবিয়ার বিপক্ষে জেতা ম্যাচের একাদশ থেকে আরেকটি পরিবর্তন এনেছে তারা, ফিরেছেন কুলদ্বীপ যাদব। বাদ পড়েছেন সাঞ্জু স্যামসন ও আর্শদীপ সিং।

পাকিস্তান একাদশ:

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।

ভারত একাদশ:

অভিশেক শার্মা, ইশান কিষান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, বরুন চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।

সর্বশেষ সংবাদ

ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ