প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করাবেন।
বরাবর এ শপথ অনুষ্ঠান হয় বঙ্গভবনের দরবার হলে। এ রীতি ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হতে চলেছে।
একই দিনে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সকাল সাড়ে ১০টায় নতুন এমপিদের শপথ অনুষ্ঠান হবে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করতে চলেছে। ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জোট এবার ২১২টি আসনে বিজয় অর্জন করেছে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। প্রথমবারের মতো সংসদের প্রধান বিরোধীদল হতে চলেছে জামায়াতে ইসলামী।

