spot_img

নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে জাতিসংঘের আহ্বান

অবশ্যই পরুন

আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মাঝে নারী, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের অধিকারও অন্তর্ভুক্ত।

জাতিসংঘ সব অংশীদার, বিশেষ করে রাজনৈতিক নেতা, তাদের দল ও সমর্থকদের আহ্বান জানিয়েছে, যেন নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো প্রকার হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি দেখানো না হয়। এটি নারী প্রার্থী ও ভোটারদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য, যাদের অংশগ্রহণ ও নিরাপত্তা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য।

নির্বাচনের সময় সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি, ছবি বিকৃত করে তার অপব্যবহার, এআই দিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট প্রকাশ করে নারী ভোটার ও প্রার্থীদের হেনস্থা করা নিয়ে রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, মানবাধিকারকর্মী– অর্থাৎ বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ যেভাবে উদ্বেগ প্রকাশ করেছে, জাতিসংঘ সে বিষয়ে সচেতন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনে সহিংসতার ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে, সে কথা-ও উল্লেখ করে জাতিসংঘ।

বাংলাদেশের কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন ও প্রত্যেক ব্যক্তির অধিকারসহ সুরক্ষা নিশ্চিত করার জন্য পদক্ষেপ অব্যাহত রাখবে বলে জাতিসংঘ বিশ্বাস করে। সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সংস্থাটি সবসময় সরকারের পাশে থেকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

উৎসবমুখর পরিবেশে সবাইকে ভোট দেওয়ার আহ্বান সিইসির

উৎসবমুখর পরিবেশে সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ