টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক অস্থিরতা। বাংলাদেশের বাদ পড়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), যা আইসিসিকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়।
এই অচলাবস্থা নিরসনে গতকাল লাহোরে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়, যা ইতিবাচকভাবেই সম্পন্ন হয়েছে।
বৈঠকে আইসিসি পাকিস্তানকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ খেলতে অনুরোধ জানায়। পাশাপাশি বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় সংস্থাটি।
বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পিসিবি প্রধান মহসিন নাকভিকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশের দাবির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে এবং সংকট সমাধানে একটি কার্যকর ফর্মুলা প্রস্তুত করা হয়েছে।
এই ফর্মুলার আওতায় বাংলাদেশ ক্ষতিপূরণ পেতে পারে। পাশাপাশি বিশ্বকাপের লভ্যাংশ এবং ভবিষ্যতে ভারতে খেলতে হলে হাইব্রিড মডেলে ম্যাচ আয়োজনের সুযোগও থাকতে পারে। পুরো আলোচনায় পিসিবি সমন্বয়কারীর ভূমিকা পালন করেছে।
বিসিবি সূত্র জানিয়েছে, পরবর্তী করণীয় নির্ধারণে আজ বিকেলেই আইসিসি ও বিসিবির কর্মকর্তাদের মধ্যে আবার আলোচনা হতে পারে। একই সঙ্গে দ্রুতই ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

