পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছেন বামপন্থি অ্যান্তোনিও হোসে সেগুরো। কট্টর ডানপন্থী আন্দ্রে ভেনচুরাকে পরাজিত করেন তিনি।
৬৩ বছর বয়স্ক সেগুরো দেশটির বামপন্থি দল সোশ্যালিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছেন। আর ৪৩ বছর বয়স্ক আন্দ্রে ভেঞ্চুরা পর্তুগালের ডানপন্থি দল চেগা-এর শীর্ষ নেতা।
ভোট গণনা শেষে গতকাল রোববার এক বিবৃতিতে পর্তুগালের নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৯৭ শতাংশ ভোট কাস্ট করা হয়েছে। কাস্টকৃত এই ভোটের ৬৩ শতাংশ পেয়েছেন সেগুরো। আর ৩৪ শতাংশ পেয়েছেন ভেঞ্চুরা।
রোববার পর্তুগালের নির্বাচন কমিশন যে ফলাফল প্রকাশ করেছে, তা দ্বিতীয় দফা বা রান অফ নির্বাচনের। গত ১৮ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু সে সময় পর্তুগালের মধ্য ও দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যার কারণে সেসব অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে আর ভোটগ্রহণ হয়নি।
তবে উত্তরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ হয়েছিল সেদিন। প্রায় ৩৭ হাজার ভোটার ভোটও দিয়েছিলেন, যা পর্তুগালের মোট ভোটারের দশমিক ৩ অংশ। কিন্তু মধ্য ও দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির ব্যাপারটি আমলে নিয়ে দেশটির নির্বাচন কমিশন ১৮ জানুয়ারির ভোট স্থগিত করেন এবং পরবর্তী ভোটগ্রহণের দিন নির্ধারণ করেন গত ৭ ফেব্রুয়ারি শনিবার।
রোববার যে ফলাফল প্রকাশ করেছে পর্তুগালের নির্বাচন কমিশন, সেখানে ১৮ জানুয়ারির ভোটগুলোও হিসেবের আওতায় আনা হয়েছে।
সূত্র: পলিটিকো. ইউ

