৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ করেছে সরকার। গেজেটে উত্তীর্ণ ১৬৭৬ প্রার্থীর মধ্যে চূড়ান্ত নিয়োগে বাদ পড়েছেন ১৮৬ জন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের সাত মাস পর নিয়োগ পেলেন তারা।
জানা যায়, প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে নয়জন, কর ক্যাডারে ১১ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগে দেওয়া হয়েছে।
আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগপ্রাপ্তদের যোগদান করতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত তারিখে যোগদান না করলে প্রার্থী চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল হবে।
এর আগে, গত বছরের ৩০ জুন প্রথম দফায়, ৬ নভেম্বর ২০২৫ দ্বিতীয়বারের মতো ৪৪তম বিসিএসের ‘চূড়ান্ত’ ফলাফল প্রকাশ করা হয়েছিল। এরপর তৃতীয় দফায় ১১ নভেম্বর ২০২৫ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
প্রথম দফায় প্রকাশিত ফলাফলে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। দ্বিতীয় দফায় সুপারিশ করা হয় ১ হাজার ৬৮১ জনকে। দ্বিতীয় দফায় বাদ পড়েন ৯ জন। তৃতীয় দফায় ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। এসময় বাদ পড়েন ৫ জন।
৪৪তম বিসিএসের তালিকা দেখতে ক্লিক করুন…..

