নির্বাচনের পর আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে চলতি বছরের অমর একুশে বইমেলা। ভাষা শহীদদের স্মরণে সাধারণত পহেলা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হলেও এবার নির্বাচনের কারণে পিছিয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরি সভাকক্ষে বইমেলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এই মেলা কবে শুরু হবে, সেই তথ্য জানান অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এ বছর পহেলা ফেব্রুয়ারি বইমেলা শুরু করা সম্ভব হয়নি। ২০ ফেব্রুয়ারি এবারের বইমেলা শুরু হবে।
প্রকাশকদের দাবির প্রেক্ষিতে গত বছরের তুলনায় স্টলভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতবার যে সকল প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে, তাদের মধ্য থেকে ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ৫৩টি প্রতিষ্ঠান স্টল বরাদ্দের আবেদন করেছে। তবে স্থান বিবেচনায় গত বছরের ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
যেহেতু এবার বইমেলা রমজান মাসজুড়ে হবে, তাই মেলা প্রাঙ্গণে তারাবীর নামাজ পড়ার ব্যবস্থা, ইফতার করার জন্য ফুড স্টলগুলো সাজানো হয়েছে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন।

