পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের আগেই সরাসরি চুক্তিতে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এতে দলটির ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় দলটি এ তথ্য জানিয়েছে।
আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, আমাদের বাংলাদেশি ভাই, মুস্তাফিজুর রহমান যাকে ২০১৬ এবং ২০১৮ সালে বাছাই করা হয়েছিল, এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ এবং অবশেষে পরিবারের সাথে ফিরে এসেছেন। একবারের কালান্দার, সবসময়ই একজন কালান্দার।
এর আগে, ৬ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে পাকিস্তান লিগে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিল পিএসএল। পোস্টে বলা হয়েছে, ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছে মোস্তাফিজ।
আইপিএলে ৬ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে দলে ভেড়ায়। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
এর প্রতিবাদে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কাতে গিয়ে খেলতে চেয়েছিল। তবে আইসিসি তা প্রত্যাখ্যান করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। যদিও খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয় বলে স্পষ্ট বার্তা দিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান—এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
প্রসঙ্গত, লাহোর পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন দল। গত মৌসুমে এই দলটির হয়ে খেলেছেন বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটার। তাদের মধ্যে আছেন- সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

