লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন জাহাজে সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা ইতোমধ্যে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম কাছাকাছি নিয়ে আসছেন এবং স্থানান্তর শুরু করেছে।
হুতিবিরোধী একটি গোষ্ঠীর সূত্র মার্কিন প্রশাসনকে জানিয়েছে, হুতিরা কার্যকরভাবে আবারও মার্কিন নৌযানে অতর্কিতে হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে। এতে গত মে মাসের পর থেকে অঞ্চলটিতে যে ভঙ্গুর শান্ত অবস্থা বজায় ছিল, তা নতুন করে হুমকির মুখে পড়েছে। খবর রয়া নিউজের।
এই উত্তেজনার মধ্যেই আরব সাগরে যুদ্ধবিমানবাহী একটি রণতরী ও অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে, যা ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এদিকে আলাদা এক খবরে জানা গেছে, ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা তুরস্ক থেকে সরিয়ে ওমানের মাস্কাটে নেয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে আলোচনার ধরন নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। ইরান চায় কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা, আর পর্যবেক্ষক হিসেবে অন্য আরব ও মুসলিম দেশগুলোর অংশগ্রহণ নিয়ে এখনো আলোচনা চলছে। সব মিলিয়ে লোহিত সাগর ঘিরে নতুন করে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

