দিন দুয়েক পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তা ইস্যুতে এই টুর্নামেন্টে খেলছে না বাংলাদেশ দল। বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আইসিসির কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও শেষ পর্যন্ত বিসিবি-আইসিসি যে যার সিদ্ধান্তে অটুট থাকায় বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলতে যাচ্ছে স্ক্যটল্যান্ড।
বিশ্বকাপে খেলতে না পারায় ক্রিকেটারদের ক্ষতি পুষিয়ে দিতে এই সময়ে তিন দলের অংশগ্রহণে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ নামে নতুন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। যেখানে অংশ নেবে জাতীয় দল, এ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটে থাকা ক্রিকেটাররা। আসরে ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন।
বুধবার (৪ জানুয়ারি) মিরপুর শের-ই বাঙলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের না থাকা প্রসঙ্গে কথা বলেছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলছি না। তবে তেমন মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে সেটার জন্য হাহুতাশ করে মরে যাব। কালকে বাঁচব না মরব, সেটা জানি না। তবে ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা না করে আমার বর্তমান যে অবস্থা আছে, সেটাতে যেন সবচেয়ে ভালো করতে পারি ও খেলাটা উন্নতি করতে পারি, সেই চেষ্টটা করছি।’
আসন্ন আইপিএলে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড মূল্যে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। টাইগার কাটার মাস্টারকে ৯ কোটি ২০ লাখ রূপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্র্যাঞ্চাইজি। কিন্তু নিরাপত্তা ইস্যুতে মুস্তাফিজকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন কাণ্ডের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও ব্যাপক অবনতি হয়।
২০১৬ সাল থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলা মুস্তাফিজ একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে জিতেছেন উদীয়মান তারকার পুরস্কার। কিন্তু এবার দল পেয়ে বাদ পড়লেও কোনো মন্তব্য করেননি এই পেসার। এরপর বাংলাদেশের বিশ্বকাপ বয়কট, ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট নিয়ে এত আলোচনা- তবুও মুস্তাফিজ ঠিক আগের মতোই চুপচাপ।
এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘প্রশ্নটা আমি নিজেই মুস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম, ‘আসলে তুমি কী অনুভব করছো? সে বলেছিল, ‘যেটা চলে যাওয়ার তা চলে গেছে। তো আমার যেটা মনে হয় সবাই তো মুস্তাফিজের মতো হতে পারবে না। তবে এমনটা হলে সেই ছেলে, সেই ক্রিকেটারের জন্য ভালো হবে। কারণ, যে জিনিস আমি নিয়ন্ত্রণ করতে পারব না, সেটা নিয়ন্ত্রণ করতে যাব না।’’
সালাহউদ্দিন আরও বলেন, ‘দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়ে খুবই সমস্যা। কাল যে বাঁচবেন, তেমন নিশ্চয়তা দিতে পারবেন? আপনারা এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন?’ সালাহউদ্দিনের কাছে এই টুর্নামেন্টটা অনেক গুরুত্বপূর্ণ, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটাররা এখানে খেলছে। এটার অনেক গুরুত্ব আছে। আমরা সেভাবেই দেখছি।’

