ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে অনেকটাই দূরে সরে গেছে লিভারপুল। তবে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দাপট দেখিয়েছে আর্না স্লটের দল। উগো একিটিকের জোড়া গোলে দারুণ জয় পেয়েছে লিভারপুল। নতুন বছরে প্রিমিয়ার লিগের প্রথম জয় দলটির।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে অনফিল্ডে ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। এই ম্যাচে একিটিকে ছাড়াও গোলের দেখা পেয়েছে ফ্লোহিয়ান ভিয়েৎস ও ইব্রাহিমা কোনাতে।
এদিন প্রথমে গোল খেয়ে বসে লিভারপুল। ৩৬তম মিনিটে প্রতিপক্ষের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে ওঠে নিউক্যাসল। প্রতিপক্ষের ভুলে ডি-বক্সে ডান দিকে বল পেয়েই কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন গর্ডন।
গত অগাস্টে লিগে প্রথম দেখায় ৩-২ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন এই ইংলিশ ফরোয়ার্ড। এবার ম্যাচের শুরুতে দেখেন হলুদ, সেই তিনিই দলকে এনে দিলেন গোল।
তিন মিনিট পর তার আরেকটি কোনাকুনি শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি আলিসন। এরপরই দুই মিনিটের ব্যবধানে একিটিকের জোড়া গোল এগিয়ে যায় লিভারপুল।
৪১তম মিনিটে ফ্লোহিয়ান ভিয়েৎস ডি-বক্সে একাধিক খেলোয়াড়ের মধ্যে দিয়ে এগিয়ে ছোট পাস বাড়ান একিটিকেকে, আর ডান পায়ের শটে সমতা ফেরান ফরাসি ফরোয়ার্ড।
এরপর, কেরকেসের পাস ধরে এগিয়ে ডি-বক্সের মুখে গিয়ে যেন ডান দিকে পাস বাড়ানোর চেষ্টা করেন; তবে পরক্ষণেই সিদ্ধান্ত বদলে ক্ষিপ্রতায় ভিতরে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
গত জুলাইয়ে লিভারপুলে যোগ দিয়ে প্রিমিয়ার লিগে এই নিয়ে ১০ গোল করলেন একিটিকে। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হলো ১৫টি।
চাপ ধরে রেখে ৬৭তম মিনিটে ব্যবধান বাড়ায় লিভারপুল। সালাহকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে ফিরতি পাস পেয়ে গোলটি করেন ভিয়েৎস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলরক্ষকের ভুলে ছয় গজ বক্সে জটলার মধ্যে বল পেয়ে দলের চতুর্থ গোলটি করেন কোনাতে।
২৪ ম্যাচে ১১ জয় ও ছয় ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে চেলসি। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আসরে নবম হারের পর, ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নিউক্যাসল।

