spot_img

পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

অবশ্যই পরুন

একদিন আগেই ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জন্য বড় হতাশা নিয়ে আসে পাকিস্তান। থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার ৫-১ গোলে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে যায় সাঈদ খোদারাহমির দল। তবে তার ঠিক একদিন পরই সেই হতাশার জবাব দিল বাংলাদেশের মেয়েরা।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) একই ভেন্যুতে পাকিস্তান নারী দলকে ৯-১ গোলে বিধ্বস্ত করে লাল-সবুজের বাঘিনীরা। ম্যাচে একাই চার গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। জোড়া গোল করেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। বাকি গোলটি আসে নিলুফা ইয়াসমিন নীলার পা থেকে।

এই জয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপার পথে দারুণভাবে এগিয়ে গেল বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে।

এর আগে টুর্নামেন্টের শুরুতেই শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করলেও দ্রুতই ছন্দে ফেরে সাবিনা-কৃষ্ণারা। নেপালকে ৩-০ ও শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই পাকিস্তানের মুখোমুখি হয় তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল খেলতে থাকে বাংলাদেশ। সপ্তম মিনিটেই কৃষ্ণার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন সাবিনা। মিনিট তিনেকের মধ্যেই সাবিনার পাসে ব্যবধান দ্বিগুণ করেন নীলা। দশম মিনিটে নৌশিন গোল করলে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে।

এরপর একের পর এক আক্রমণে পাকিস্তানকে বিপর্যস্ত করে তোলে বাংলাদেশ। নৌশিন নিজের দ্বিতীয় গোলটি করেন গোলকিপারের ভুল কাজে লাগিয়ে। প্রথমার্ধের শেষ দিকে কৃষ্ণা ও সাবিনার গোলে ব্যবধান দাঁড়ায় ৭-০।

বিরতির পর গোলের গতি কিছুটা কমলেও বাংলাদেশ আধিপত্য বজায় রাখে। কৃষ্ণা নিজের দ্বিতীয় গোলটি করেন সাবিনার পাস থেকে। পাকিস্তানের হয়ে আনমোল হিরা একটি সান্ত্বনার গোল শোধ দিলেও শেষ দিকে আরও দুটি গোল করে বড় জয়ের নিশ্চিত করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সাবিনা বাহিনী।

রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে রোববার মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলেই শিরোপা উৎসবে মেতে উঠবে দেশের মেয়েরা।

সর্বশেষ সংবাদ

আবারও রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও ২৮৮টি ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিয়েছে ভারত। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ