spot_img

উত্তেজনার মধ্যে কলম্বিয়ার প্রেসিডেন্টকে নিয়ে নতুন বার্তা যুক্তরাষ্ট্রের

অবশ্যই পরুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ঘটনায় লাতিন আমেরিকায় যখন উত্তেজনা চরমে, ঠিক সেই প্রেক্ষাপটে কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি, কটূক্তি ও পাল্টা হুঁশিয়ারির পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের ঘোষণা দিয়েছেন তিনি। এই ঘোষণাকে ঘিরে আঞ্চলিক রাজনীতি, মাদক ব্যবসা ও জ্বালানি কূটনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে। খবর বিবিসি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ‘নিকট ভবিষ্যতে’ হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সঙ্গে বৈঠক করবেন। যদিও মাত্র কয়েক দিন আগেই ট্রাম্প মন্তব্য করেছিলেন, কলম্বিয়াকে লক্ষ্য করে কোনও অভিযান চালানো হলে তা ‘ভালোই হবে’। এর আগে গত শনিবার রাতে কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো বুধবার জানান, ওই অভিযানে নিহতের সংখ্যা প্রথমে জানানো হিসাবের চেয়ে অনেক বেশি। তার দাবি, সেখানে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর আগে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, মাদুরোর আবাসিক কম্পাউন্ডে মার্কিন বাহিনীর অভিযানে ২৩ জন ভেনেজুয়েলান এবং ৩২ জন কিউবান সেনা নিহত হন।

ট্রাম্প জানান, ফোনালাপে পেত্রো তাকে মাদক পরিস্থিতি এবং অন্যান্য মতবিরোধের বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, কলম্বিয়ার প্রেসিডেন্টের কথাবার্তার ধরন বা ‘টোন’ তার ভালো লেগেছে। এর আগেই অবশ্য ট্রাম্প পেত্রোকে সতর্ক করে বলেছিলেন— ‘নিজের পিঠ বাঁচিয়ে চলো’।

বিবিসি বলছে, কলম্বিয়া এই অঞ্চলের মাদক বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র, বিশেষ করে কোকেন উৎপাদনের জন্য দেশটি পরিচিত। পাশাপাশি দেশটির রয়েছে উল্লেখযোগ্য তেল মজুত। এছাড়া কলম্বিয়া স্বর্ণ, রূপা, পান্না, প্লাটিনাম ও কয়লারও বড় উৎপাদক। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল বিক্রির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখবে। একই সঙ্গে বৈশ্বিক বাজারে দেশটির অপরিশোধিত তেলের ওপর থাকা কিছু বিধিনিষেধ শিথিল করার প্রস্তুতিও নেয়া হচ্ছে।

এর আগে ভেনেজুয়েলা অভিযানের পর এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প পেত্রোকে কটাক্ষ করে বলেছিলেন, তিনি একজন ‘অসুস্থ মানুষ’, কারণ তিনি কোকেন তৈরি করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। ট্রাম্প সেসময় আরও বলেন, ‘সে খুব বেশি দিন এটা করতে পারবে না’। এর জবাবে পেত্রো হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র যদি কলম্বিয়ার বিরুদ্ধে কোনও সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তিনি ‘অস্ত্র হাতে তুলে নেবেন’।

তবে বুধবার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ভিন্ন সুরে কথা বলেন। তিনি পেত্রোর সঙ্গে ফোনালাপকে ‘একটি বড় সম্মান’ হিসেবে উল্লেখ করেন এবং জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও কলম্বীয় পররাষ্ট্রমন্ত্রী পেত্রোর ওয়াশিংটন সফরের ব্যবস্থা করবেন।

এর আগে গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র পেত্রোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটনের অভিযোগ ছিল, মাদক পাচার ঠেকাতে তিনি ব্যর্থ হয়েছেন এবং তার শাসনামলে কার্টেলগুলো আরও শক্তিশালী হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছিলেন, ২০২২ সালে পেত্রো ক্ষমতায় আসার পর কলম্বিয়ায় কোকেন উৎপাদন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আর এই মাদক যুক্তরাষ্ট্রে ঢুকে আমেরিকানদের ক্ষতি করছে। পেত্রো পাল্টা বলেছিলেন, তিনি ‘দশকের পর দশক ধরে’ মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করছেন।

এদিকে ভেনেজুয়েলার মতো কলম্বিয়াতেও রয়েছে বড় আকারের তেল মজুত।

সর্বশেষ সংবাদ

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক: বিটিআরসি

ব্যবহৃত মোবাইল ফোন অন্যের কাছে হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।...

এই বিভাগের অন্যান্য সংবাদ