spot_img

প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে আশাবাদী উপদেষ্টা

অবশ্যই পরুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় চৌধুরী জানিয়েছেন, সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড নিশ্চিত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। শিক্ষকদের দেশের শিক্ষা ব্যবস্থার ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, সরকার তাদের অবস্থার উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘পিইডিপি-৪ ও চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সমাপ্তির কৌশল নির্ধারণ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় চৌধুরী বলেন, আমরা ইতোমধ্যেই প্রধান শিক্ষকদের জন্য ১০ম গ্রেড নিশ্চিত করতে পেরেছি এবং তাদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা দিতে সক্ষম হয়েছি। এখন আমাদের মূল লক্ষ্য হলো সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়ন করা। আমরা আশা করি, এই প্রচেষ্টায় আমরা সফল হব।

শিক্ষার মান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হলেও, ‘শিক্ষার্থীদের প্রাথমিক ভিত্তি গড়ে তোলা’—যেটি মূল লক্ষ্য—তা অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় গুরুত্ব পায়নি। বর্তমানে সরকার এই মূল উদ্দেশ্যকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে এবং সেই অনুযায়ী সব কার্যক্রম সাজানো হচ্ছে।

তিনি আরও জানান, নতুন শিক্ষাবর্ষের জন্য বেশিরভাগ পাঠ্যপুস্তক ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে গেছে এবং জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা সম্পূর্ণ বই হাতে পাবে বলে আশা করা হচ্ছে।

এর আগে দুপুরে তিনি জেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় করেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন বিদ্যালয়গুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, পরিচালক মো. মিরজুল ইসলাম উকিল, বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ও গ্রেনাডার মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র গ্রেনাডার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলের দুই...

এই বিভাগের অন্যান্য সংবাদ