spot_img

ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাকে, নিরাপত্তা জোরদার

অবশ্যই পরুন

আওয়ামী লীগ সরকারের সময়ে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে আজ আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হবে। এ নিয়ে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দুই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, এসব মামলা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা আরেকটি মামলাসহ মোট তিন মামলায় ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একইদিন প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।

পরবর্তীতে সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে ২২ অক্টোবর সকালে সাধারণ পোশাকে বিশেষ প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে তাদের ঢাকা সেনানিবাসের ঘোষিত সাব-জেলে নেওয়া হয়।

গুম-নির্যাতনের দুই মামলার পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য বাংলা ও ইংরেজি দুই দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয় ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি ইতোমধ্যেই প্রকাশ হয়েছে।

এর আগে, পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় কত জাহাজ? নতুন তথ্য প্রকাশ

বৈশ্বিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী শিপিং সফটওয়্যার কোম্পানি এএক্সএস মেরিনের গত রাতের তথ্যানুযায়ী, হরমুজ প্রণালির দুই পাশে মোট ১ হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ