যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে চলমান আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভন ডার লেইন বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির দিকে অগ্রগতিকে আমি স্বাগত জানাই। আমাদের এমন একটি চুক্তি প্রয়োজন, যা সত্যিকার অর্থে উত্তেজনা কমাবে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে এবং টোলমুক্ত পূর্ণ নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে।’
তিনি আরও বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (২৩ মে) দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে একটি সমঝোতা চুক্তি ‘প্রায় চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছে এবং শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একই সঙ্গে তিনি বলেছেন, পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।
ট্রাম্প জানান, এই বিষয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, যা ‘খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে’। তবে ইসরায়েলি সূত্রগুলো বলছে, সম্ভাব্য এই চুক্তি তাদের জন্য ‘বড় ধরনের উদ্বেগের বিষয়’ হয়ে দাঁড়িয়েছে।

